Image description

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত মাত্র ৮৯ দিনে দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু হলো।

শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বার্তায় এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মোট মারা যাওয়া ৬৪৩ শিশুর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ জনের। বাকি ৫৫১ শিশুর মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১৫৩ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে, যাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ২৭ জনকে।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৬৬ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ১৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ৮৯ দিনে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৮ হাজার ৯৩৪ জন রোগী। তবে আশার কথা হলো, চিকিৎসা শেষে এদের মধ্যে ৬৫ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মানবকণ্ঠ/আরআই