প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি এই প্রকল্পের ফলক উন্মোচন করেন। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সফরে তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।
পাতলী খাল পুনঃখনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী '২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর তিনি পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার অবকাঠামোগত কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।
রাজনৈতিকভাবে এই সফরের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভা। বিকেলে এই বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে এই জনসভাকে ঘিরে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে।
বিকেলের কর্মসূচি শেষে সন্ধ্যা ও রাতে প্রধানমন্ত্রী কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন। এরপর একটি সুধী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখবেন। নির্ধারিত সব কর্মসূচি শেষে আজ রাতেই তাঁর বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পর্যটন নগরী কক্সবাজারজুড়ে নজিরবিহীন প্রশাসনিক তৎপরতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফর সফল করতে সরকারের একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী আগে থেকেই কক্সবাজারে অবস্থান করে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments