Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "দেশের প্রকৃত মালিক জনগণ; কোনো নির্দিষ্ট পরিবার বা দল নয়। জনগণের সুবিধার্থে এবং স্বস্তি ফিরিয়ে আনতে যে বাজেট প্রণয়ন করা হয়েছে, যারা তার বিরোধিতা করে তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না।"

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বিরোধীদলের নেতিবাচক রাজনীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "যে বাজেটে সাধারণ মানুষের ট্যাক্স কমানো হয়েছে এবং মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়েছে, সেই বাজেটও বিরোধীদল মানছে না। এ থেকেই স্পষ্ট বোঝা যায় যে, উন্নয়ন নয় বরং দেশে অস্থিতিশীলতা তৈরি করাই তাদের একমাত্র লক্ষ্য।"

তারেক রহমান বলেন, বাজেটে প্রতিটি ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার যুগান্তকারী ঘোষণা দেওয়া হয়েছে। সবকিছুর লক্ষ্য একটাই—জনগণের নিঃস্বার্থ সেবা। তিনি আরও উল্লেখ করেন, "অতীতের বাজেটের পর সাধারণত জিনিসের দাম বাড়ত, কিন্তু বর্তমান সরকারের জনবান্ধব বাজেট দেওয়ার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি।"

জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, চক্রান্তকারীরা ষড়যন্ত্র করে একসময় দেশের অগ্রগতি আটকে দিয়েছিল, কিন্তু এখন বিএনপি দেশ গঠনে নিরলস কাজ করছে। ভোটে জনগণ বিএনপিকে যে বিপুল সমর্থন দিয়েছে, তার প্রতিদান হিসেবে সরকার প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, "যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ দেশের উন্নয়নে কাজ করে যাব, কারণ দেশই বিএনপির প্রথম ও শেষ ঠিকানা।"

মানবকণ্ঠ/ডিআর