দেশজুড়ে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট ৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ১৪ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৫২ জন প্রাণ হারালেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর বাইরে ১ হাজার ৫২ জনের মধ্যে দেখা গেছে রোগের উপসর্গ। সব মিলিয়ে গত তিন মাসে দেশে মোট ১০ হাজার ৩২৩ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮৫ হাজার ৯৫১ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭০ হাজার ৫৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ৮৪১ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার জোর তাগিদ দিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments