Image description

দেশের সব গণপরিবহনে নিরাপদ ও আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগামী ১ আগস্ট থেকে যানবাহনে জিপিএস (GPS) ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সম্প্রতি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সব গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন করতে হবে এবং তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে।

বিআরটিএ জানায়, জিপিএস সংযোজন সংক্রান্ত কারিগরি নির্দেশনা ও তথ্য স্থানীয় বিআরটিএ কার্যালয় থেকে অথবা সংস্থাটির ওয়েবসাইট [www.brta.gov.bd](http://www.brta.gov.bd) থেকে জানা যাবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত করার পরই যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।

এ উদ্যোগের মাধ্যমে সড়ক পরিবহনে শৃঙ্খলা, নিরাপত্তা এবং পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মানবকণ্ঠ/আরআই