Image description

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লির বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়াকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সোমবার (১৫ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডেকে এনে ঢাকার পক্ষ থেকে তীব্র অসন্তোষ ও প্রতিবাদ জানানো হয়।

জানা গেছে, গত রবিবার ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছান উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত তিনি দিল্লিতে প্রবেশ করতে না পেরে সেখান থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, "দিল্লির এই ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হলো এবং এর প্রেক্ষিতে সরকার পরবর্তী কী পদক্ষেপ নেবে, তা আজ বিকেলের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।"

রাষ্ট্রীয় পদমর্যাদার একজন উপদেষ্টাকে বিমানবন্দরে এভাবে বাধা দেওয়ার ঘটনাটি কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভারতের কাছ থেকে এর আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছে।

মানবকণ্ঠ/ডিআর