চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী
চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। রোববার (২১ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) ৩০ বছরের মাস্টারপ্ল্যান বিষয়ক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নতুন মাস্টারপ্ল্যানের মাধ্যমে আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও বেশি সময় ধরে দেশের বিমান চলাচল খাতের উন্নয়ন কৌশল, অগ্রাধিকার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নির্ধারণ করা হবে। এর আওতায় বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, এয়ার ন্যাভিগেশন সেবার আধুনিকায়ন, এয়ারলাইন্স সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও জানান, দেশের বিমান খাতকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে বগুড়া বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরের উন্নয়ন কাজ শুরু হয়েছে। পাশাপাশি জাপানি অংশীদারদের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো ব্যবস্থাপনা নিয়ে সমঝোতার প্রক্রিয়াও এগোচ্ছে।
মন্ত্রী বলেন, থার্ড টার্মিনালের বিষয়ে জাপানি দূতাবাসের সঙ্গে আলোচনা হয়েছে এবং আগামী জুলাইয়ে গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, নতুন বোয়িং যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে চাহিদা পূরণে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান জানান, ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা ২০২৮ সালের আগে নেই।
সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় দেশের দীর্ঘমেয়াদি সমন্বিত বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments