দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৮৩ জনের প্রাণহানি ঘটল।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০ জনের হাম শনাক্ত হয়েছে। এর পাশাপাশি আরও ৯৬৫ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১১ হাজার ১৭১ জনের হাম শনাক্ত হলো এবং ৯৩ হাজার ৭৫৫ জনের শরীরে এই রোগের উপসর্গ পাওয়া গেছে।
হাসপাতালে ভর্তির পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৭ হাজার ৭৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৩ হাজার ৯৮৫ জন।
উল্লেখ্য, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ যা মূলত শিশুদের আক্রান্ত করে। এর প্রকোপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ টিকাদান কর্মসূচির ওপর জোর দিচ্ছে এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments