Image description

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্ত্রীদের অনুপস্থিতি, সংসদ কক্ষের ভেতরে ছোট ছোট দলে গল্পগুজব এবং শৃঙ্খলাভঙ্গের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, রাষ্ট্রের অন্য যেকোনো কাজের তুলনায় সংসদ অধিবেশন অধিক গুরুত্বপূর্ণ এবং এর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার শুরুতে স্পিকার, চিফ হুইপ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং সংসদ সদস্যদের মধ্যে আলোচনায় এসব বিষয় উঠে আসে।

স্পিকার বলেন, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার অজুহাতে কোনো মন্ত্রী সংসদের অধিবেশন এড়িয়ে যেতে পারেন না। মন্ত্রীদের নির্ধারিত সময়ে সংসদে উপস্থিত থেকে সংসদ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

অধিবেশনের শুরুতে রাজশাহী থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান একটি নোটিশের মাধ্যমে বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য অন্যান্য সদস্য ও মন্ত্রিপরিষদের সদস্যদের নাম, ঠিকানা এবং যোগাযোগের তথ্যসংবলিত ক্যাটালগ বই অত্যন্ত প্রয়োজন। সাধারণত শপথ গ্রহণের দুই-এক মাসের মধ্যেই এ ধরনের বই প্রকাশ করা হলেও এবার চার মাস পেরিয়ে গেলেও তা প্রকাশিত হয়নি।

জবাবে স্পিকার জানান, ‘জাতীয় সংসদ সচিবালয় টেলিফোন সহায়িকা-২০২৬’ প্রকাশের কাজ চলমান রয়েছে। তবে কয়েকজন সংসদ সদস্য এখনো প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি বলেন, সংসদীয় কমিটিগুলো গঠনের কাজ শেষ হলেই ডাইরেক্টরি প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট সদস্যদের দ্রুত তথ্য জমা দেওয়ার আহ্বান জানান।

এ সময় চিফ হুইপ বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সঠিক যোগাযোগ নম্বর না থাকায় সংসদ সদস্যরা ব্যক্তিগত ও দাপ্তরিক উভয় ক্ষেত্রেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সমন্বিত ডায়েরি বা ডাইরেক্টরি তৈরির উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

এর জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব গুরুত্বপূর্ণ টেলিফোন নম্বর ও প্রয়োজনীয় তথ্যসংবলিত একটি সমন্বিত ডাইরেক্টরি দ্রুত প্রস্তুত করা হবে, যাতে সংসদ সদস্যরা সহজেই প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করতে পারেন।

সংসদে শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে স্পিকারের এই কড়া বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।