Image description

বর্ষাকাল শুরু হতেই দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরের প্রকোপ। ইতোমধ্যে দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টিতেই ছড়িয়ে পড়েছে এই রোগ। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৭ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশের প্রায় প্রতিটি প্রান্তেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ডেঙ্গুর প্রকোপ যেভাবে দিন দিন বাড়ছে, তাতে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও গুরুতর রূপ নিতে পারে। বিগত ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং প্রাণ হারিয়েছিলেন ৪১৩ জন। সেই অভিজ্ঞতার আলোকেই এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেভাগেই তৎপরতা শুরু করেছে প্রশাসন।

ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী গ্রাফ ও সম্ভাব্য প্রকোপ রোধে সরকার ইতোমধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধান করে ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মশক নিধন এবং জনসচেতনতা তৈরিতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমেছে। চিকিৎসকেরা সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সতর্ক থাকার এবং ঘরে বা এডিস মশার প্রজননস্থলে পানি জমতে না দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

মানবকণ্ঠ/আরআই