দিনাজপুরের পার্বতীপুরে কালসোনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আকলিমা খাতুন (১৮), তার ননদ দুলালী খাতুন (২১) এবং সুরভি খাতুন (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আকলিমা খাতুন তার দুই ননদকে নিয়ে ভাদুড়িয়া গ্রামের কাছে কালসোনা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তারা শাপলা তুলতে নদীর গভীর অংশে চলে গেলে পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে নদীর ঘাট থেকে কিছু দূরে তিনজনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন। খবর পেয়ে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত তিনজনের কেউই সাঁতার জানতেন না। একসঙ্গে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল বলেন, “৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে।




Comments