জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় পুরাতন আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য সময়ের প্রয়োজনে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী আনা হচ্ছে, যা আগামী দু-একদিনের মধ্যেই সংসদে উপস্থাপন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, শুধু কঠোর আইন করে নয়, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই মাদক নির্মূলের সর্বোচ্চ উপায়।
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ সমাজের ভূমিকার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে নারী, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছে। দেশকে উন্নতির শিখরে নিতে হলে তরুণ সমাজকে অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে।
মাদক ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, সমাজ থেকে এই বিষবৃক্ষ উপড়ে ফেলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments