যেকোনো ভালো অর্জন বা সফল রাজনৈতিক সফরের ফলাফল একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ নয় বরং দেশের মানুষের কল্যাণই সরকারের মূল লক্ষ্য।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
নিজের রাজনৈতিক দর্শন ও অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই।’
তিনি আরও বলেন, ‘যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন। বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।’
সংসদে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান সরকার প্রধান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments