Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ভাসছে ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ’ শিরোনামে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃতপক্ষে তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ ভেসে থাকার মতো কোনো ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্যও নেই। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের মিথ্যা তথ্য বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ধরনের গুজব ও অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

এ ছাড়া, কেউ ইচ্ছাকৃতভাবে এ ধরনের মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর প্রচারণায় জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।