আধুনিক ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি স্পারসো কার্যালয়ে পৌঁছান। কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি প্রতিটি বিভাগের কার্যক্রম অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত কর্মকর্তা ও গবেষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রধানমন্ত্রীকে প্রতিষ্ঠানের বর্তমান সক্ষমতা, চলমান গবেষণা এবং ভবিষ্যৎ বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন। বিভিন্ন বিভাগের প্রধানরা তাদের উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির চিত্র তুলে ধরেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী এবং স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের সামগ্রিক উন্নয়নে এই প্রতিষ্ঠানকে কার্যকর অবদান রাখতে হবে।” মহাকাশ বিজ্ঞান ও উপগ্রহ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, স্পারসো দেশের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান যা মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা ও প্রয়োগ নিয়ে কাজ করে। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দেশের মহাকাশ গবেষণা খাতে নতুন গতির সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments