Image description

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ২১ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার।

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌহিদ আহমদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলির অংশ হিসেবে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পদোন্নতি পেয়ে সিআইডির অতিরিক্ত আইজিপি, ডিআইজি মো. মনিরুজ্জামান পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ পদোন্নতি পেয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে মোহা. আসাদুজ্জামানকে র‌্যাবে, একেএম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. আল মামুনকে দ্বিতীয় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদায় বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুর এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তর, মো. জাহিদুর রহমানকে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি (বিপিএ) সারদা, সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।