প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, কর্মসূচির আওতায় থাকা ২৯ হাজার ৬২১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, এক হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং নয় হাজার ২৬৮টি মাদ্রাসা।
মূল অনুষ্ঠানটি সোমবার সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিবছর পাঁচ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হচ্ছে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।
অনুষ্ঠান উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে। এদিন প্রতিটি ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানো হবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে।
এ ছাড়া একই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের তৈরি স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কারও বিতরণ করবেন।
আয়োজনের প্রস্তুতি পর্যালোচনায় রোববার বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।




Comments