কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (২৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
আটক জেলেরা হলেন সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) ও মো. আইয়ুব (২৪)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
আবুল কালাম জানান, সাগরে মাছ শিকারে যাওয়া একটি ট্রলারসহ পাঁচজন মাঝি-মাল্লাকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দীর্ঘদিন পর আবারও এমন ঘটনা ঘটায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাছ ধরার সময় জেলেরা সীমান্তবর্তী জলসীমা অতিক্রম করায় আরাকান আর্মি তাদের আটক করেছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিরা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং তাদের উদ্ধারে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।




Comments