দেশের প্রশাসনিক কাঠামোতে যুক্ত হলো আরও তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা। বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’-এর ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। অনুমোদিত নতুন উপজেলা তিনটি হলো—চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন ‘হালদা’ থানা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
নিকার প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘বাঙ্গরা’ উপজেলা। আর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে ‘পাগলা’ উপজেলা। অন্যদিকে, চট্টগ্রামের হাটহাজারী থানাকে দ্বিখণ্ডিত করে নতুন ‘হালদা’ থানা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ‘পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প’ এলাকার যে অংশগুলো বর্তমানে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় পড়েছে, সেগুলোকে প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।
নতুন এই প্রশাসনিক পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট এলাকার সরকারি সেবা এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে সরকার।
মানবকণ্ঠ/ডিআর




Comments