Image description

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। 

কমিটির তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জনের মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। বহিষ্কার হয়েছেন ৫ পরীক্ষার্থী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন, বহিষ্কার হন একজন। কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার হন একজন।

এদিকে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে, পরীক্ষা শুরুর আগে ও চলাকালে কেন্দ্রের বাইরে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি ছিল। পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার আগে প্রশ্নপদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন অনেক অভিভাবক। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত অন্তত এক বছর আগে নেওয়ারও পরামর্শ দেন তারা।

প্রথম দিনের পরীক্ষা শেষে অধিকাংশ পরীক্ষার্থী জানান, বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্র ছিল মানসম্মত ও ভারসাম্যপূর্ণ। সৃজনশীল অংশ তুলনামূলক সহজ হলেও বহুনির্বাচনি অংশের কয়েকটি প্রশ্ন কিছুটা কঠিন মনে হয়েছে। এবার প্রথমবারের মতো পরীক্ষা কেন্দ্রগুলোতে পুলিশের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হলেও অতিরিক্ত হয়রানির অভিযোগ পাওয়া যায়নি।