জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিবসটি উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয়েছে।
ডাকটিকিট উন্মোচনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও পল্লী উন্নয়নে সংশ্লিষ্টদের অবদানের স্বীকৃতি প্রদানের পাশাপাশি দিবসটির গুরুত্ব জনসাধারণের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
মানবকণ্ঠ/ডিআর




Comments