Image description

নীলফামারীর ডিমলার একটি বিদ্যালয়ে শিক্ষার্থীকে দিয়ে এক শিক্ষিকার শরীর ম্যাসাজ করানোর অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষা বিভাগ তদন্ত শুরু করেছে।

ঘটনাটি ডিমলার খগাবড়বাড়ী বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের। অভিযুক্ত শিক্ষিকার নাম তিলোত্তমা রানী রায় (কাব্য তীর্থ)। তিনি বিদ্যালয়ের হিন্দুধর্ম বিষয়ক সহকারী শিক্ষিকা।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিদ্যালয়ের পরিবেশে এক শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার শরীর ম্যাসাজ করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম জানান, বিষয়টি জানার পর অভিযুক্ত শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা পেশাগত নীতিমালার পরিপন্থি। তাই ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।