Image description

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও প্রশ্নের মান নিয়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের আড়ালে কিছু মহল ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চাইছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকারকে বিব্রত করতে চায় এ রকম কিছু মহল তো আছেই। বিভিন্ন ইস্যুতে তারা নিজেদের পরিচয় গোপন করে ফায়দা লুটতে চায়, যা এখন দৃশ্যমান। যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেককেই দেখা গেছে তারা আসলে ছাত্র বা পরীক্ষার্থী নয়।”

আন্দোলনের যৌক্তিকতা ও মন্ত্রণালয়ের পদক্ষেপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “শিক্ষার্থীরা তাদের দাবি শিক্ষামন্ত্রী ও সরকারকে জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়, তবে তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।”

পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে ভুলের বিষয়ে তিনি জানান, “দুটি প্রশ্ন ভুল হওয়ার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে ওই দুটি প্রশ্নের নম্বর সকল পরীক্ষার্থীকে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সাধারণ পরীক্ষার্থীরা এতে সন্তুষ্ট। এরপরও যদি কেউ পরীক্ষায় অংশ নিতে না পারে, তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার সময় তাদের বিশেষ সুযোগ দেওয়া হবে। ফলে সমস্যার তো সমাধান হয়েই গেল।”

সম্প্রতি এক মন্তব্যের জেরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “একটি মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, যার জন্য শিক্ষামন্ত্রী স্বয়ং সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন।”

আন্দোলনের গভীরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এই বিষয়গুলোকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। ঢাকা ও দেশের দু-একটি জেলায় কিছু স্পটে সীমিত সংখ্যক মানুষ এসব নিয়ে কথা বলছে। মিডিয়াতে আসার কারণে বিষয়টি হয়তো সামনে এসেছে, কিন্তু বাস্তবে তাদের সংখ্যা খুবই কম। তাই এ নিয়ে আমরা বিচলিত নই।”

মানবকণ্ঠ/ডিআর