বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিনটি ইউনিয়নের নতুন নাম ঘোষণা করেছে জেলা প্রশাসন। গণশুনানির ভিত্তিতে নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। পরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান নতুন নামগুলো ঘোষণা করেন।
নতুন নাম অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তন করে বেতগাড়ি ইউনিয়ন, মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম রহবল ইউনিয়ন রাখা হয়েছে।
জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের সমন্বয় সভায় নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদনের পর তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন নাম কার্যকর হবে।
গত ১৪ জুন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। সেগুলোর নাম ছিল মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম ইউনিয়ন।
এর মধ্যে মীরবাড়ি নামটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নামের সঙ্গে এবং সীমান্ত ও দিগন্ত নাম দুটি তার দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। যদিও প্রতিমন্ত্রী দাবি করেছিলেন, নামগুলো ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক প্রয়োজন ও গণশুনানির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছিল এবং এ মিল ছিল কাকতালীয়।
পরে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে জেলা প্রশাসনের উদ্যোগে গত ২৩ ও ২৫ জুন গণশুনানি অনুষ্ঠিত হয়। সেই গণশুনানির সুপারিশের ভিত্তিতেই তিন ইউনিয়নের নতুন নাম নির্ধারণ করা হয়েছে।




Comments