Image description

পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের ইতি টানলেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে জমা দেন তিনি। তবে বিদায়ের পাশাপাশি বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে একটি অনন্য নজিরও রেখে গেলেন তিনি।

বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম রাষ্ট্রপতি, যিনি একই মেয়াদে তিনজন সরকারপ্রধানের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে দায়িত্ব পালন করেন। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সময়ও রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। পরে সরকার পরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গেও দায়িত্ব পালন করেন।

শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি হিসেবে তিনি ভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বাধীন দুই সরকারের আমলেও একই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেও পরবর্তীতে বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ও তিনি রাষ্ট্রপতি হিসেবে বহাল ছিলেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের এই ব্যতিক্রমী অধ্যায়ের সমাপ্তি ঘটে ২০২৬ সালের ২৪ জুলাই। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
মানবকণ্ঠ/এমআর