বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে আগামী ৩০ জুলাই পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। প্রতিকূল আবহাওয়া, সম্ভাব্য ঝুঁকি এবং সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস এম হাসান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নৌপথে ভ্রমণ থেকে বিরত থাকতে হবে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে থানচির তিন্দু বড় পাথর এলাকায় পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। ওই ঘটনায় জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। নৌকাডুবির ওই ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।




Comments