রাজধানীর গুলশানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের এক নেতা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
আটক হওয়া তিন যুবক হলেন— সাব্বির হোসেন (২৯) মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা (বর্তমানে মিরপুর-২ এলাকায় থাকেন)। ফারহান আহম্মেদ (২৪) পুরান ঢাকার চকবাজারের বাসিন্দা। সজিবুর রহমান (৩০) নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা (বর্তমানে মহাখালীর ওয়্যারলেস এলাকায় থাকেন)।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম (রাজীব পাটোয়ারী) জানান, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফেরার পথে ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনে তিনি গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল রাখা ছিল। যুবকদের পরিচয় জানতে চাইলে চারজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। তবে তিনি বাকি তিনজনকে আটকে রেখে গুলশান থানায় খবর দেন।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আটক যুবকরা দাবি করেন, তারা মদ্যপ অবস্থায় না বুঝে এই স্লোগান দিয়েছিলেন এবং এর জন্য দুঃখপ্রকাশ করেন। ঘটনাস্থলে থাকা একজন সাংবাদিকও স্লোগান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

