বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছেন দুই দেশের শীর্ষ নেতৃত্ব। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিরক্ষা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি ও খনিজ সম্পদ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সংকট মোকাবিলা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত আলোচনার স্মৃতি স্মরণ করেন। পারস্পরিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশের পাশাপাশি কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তিনি তুরস্ককে অভিনন্দন জানান।
প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা:
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বহুমুখী ও গভীর করার ওপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি বাড়ানোর পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনাগুলোকে বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের গতি ত্বরান্বিত করতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু মোকাবিলা:
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং খনিজ সম্পদ খাতে যৌথ অংশীদারত্ব বাড়াতে উভয় নেতা একমত হন। বিশেষ করে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের উল্লেখযোগ্য বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রোহিঙ্গা সংকটে তুরস্কের সংহতি:
রোহিঙ্গা সংকট নিরসনে তুরস্কের নিরবচ্ছিন্ন সহায়তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের দৃঢ় অবস্থান এবং মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘ ও ওআইসিতে তুরস্কের সক্রিয় ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সংকট সমাধানে আন্তর্জাতিক ফোরামে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

