জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও যাঁরা এখনো গেজেটভুক্ত হতে পারেননি, তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে নতুন করে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১০ নভেম্বর মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা এখনো নিচ্ছেন, কিন্তু তালিকায় নাম ওঠেনি—এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, ঠিকানার তথ্য এবং আহত হওয়ার উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে।
চিঠির তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানে এ পর্যন্ত ৮৪২ জন শহীদ হয়েছেন। আহতদের স্বীকৃতি ও পুনর্বাসনে ইতোমধ্যে তিনটি ক্যাটাগরিতে মোট ১৩ হাজার ৯৬৮ জনের গেজেট প্রকাশ করা হয়েছে (ক্যাটাগরি-ক: ৯৯০, ক্যাটাগরি-খ: ১,০১৪ এবং ক্যাটাগরি-গ: ১১,৯৬৪ জন)।
এর আগে তৎকালীন সরকারের শেষ কর্মদিবসে (১০ ফেব্রুয়ারি) নতুন আবেদন পাঠানো স্থগিত রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছিল। ফলে বিভিন্ন জেলা ও উপজেলায় জমা পড়া ৯৩১টি আবেদন অনিষ্পন্ন থেকে যায় এবং অনেকেই আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হন। নতুন এই সিদ্ধান্তের ফলে বাদ পড়া আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির পথ উন্মুক্ত হলো।

