২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় একই পরিবারের ভাইবোনদের একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ নিশ্চিত করতে বিশেষ কোটার ব্যবস্থা রাখা হয়েছে। এতে সহোদর ভাইবোনদের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাইবোনদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা জারি করে।
নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষার্থীর সহোদর ভাই বা বোন আগে থেকেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলে নতুন আবেদনকারীর জন্য ৩ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। একইভাবে কোনো শিক্ষার্থীর যমজ ভাই বা বোন আগে থেকে ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করলে তার জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এ সুবিধা সর্বোচ্চ তিন সন্তান পর্যন্ত প্রযোজ্য হবে।
অর্থাৎ, পরিবারের একজন সন্তান কোনো বিদ্যালয়ে পড়াশোনা করলে অন্য সন্তানদের ভর্তির আবেদনের ক্ষেত্রে নির্ধারিত কোটা বিবেচনা করা হবে। যমজ ভাইবোনের একজন আগে থেকে বিদ্যালয়ে পড়লে অন্যজনও এ সুবিধা পাবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পর্কের প্রমাণপত্র জমা দিতে হবে।
যেসব কোটায় আসন সংরক্ষণ
সহোদর ও যমজদের পাশাপাশি আরও কয়েকটি শ্রেণির শিক্ষার্থীর জন্য আসন সংরক্ষণের নির্দেশনা রয়েছে নতুন নীতিমালায়।
মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। ভর্তির সময় মূল কাগজপত্র দেখাতে হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা থাকার শর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। অন্যদিকে লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের এ সুবিধা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্যও বিশেষ কোটা রাখা হয়েছে।
বদলির কারণে ভর্তিতে বিশেষ সুবিধা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও বিশেষ সুযোগ রাখা হয়েছে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করতে হবে।
নীতিমালা অনুযায়ী, বদলির কারণে নতুন কর্মস্থলের কাছাকাছি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতি শ্রেণির প্রতিটি শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে।
তবে কোনো কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট আসন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে পূরণ করতে হবে। শুধু কোটার জন্য কোনো আসন খালি রাখা যাবে না।
আবেদন ফরমের মূল্য কত
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরমের মূল্যও নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা। দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে এ মূল্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
যেসব শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে, সেসব শ্রেণির আবেদন ফরম বিদ্যালয়ের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি বিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ফরম সংগ্রহের ব্যবস্থা রাখা যাবে।
ফরম বিতরণ ও জমা দেওয়ার বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করতে হবে। এ জন্য কমপক্ষে সাত কর্মদিবস সময় দিতে হবে।
আবেদন ফরমের নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। ফরম জমা দেওয়ার সময় শিক্ষার্থীর রোল নম্বরসহ প্রবেশপত্র দিতে হবে। ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার্থীকে প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।
ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা
আবেদন ফরমের মূল্য ছাড়াও ভর্তি ও অন্যান্য ফি আদায়ের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সীমা অনুসরণ করতে হবে।
নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। অন্যান্য মহানগর এলাকায় তিন হাজার, জেলা শহরে দুই হাজার এবং উপজেলা পর্যায়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি ও অন্যান্য ফি আদায়ের বিষয়ে পৃথক নির্দেশনা রয়েছে। নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
সরকার নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নীতিমালায়।
এদিকে ২০২৭ শিক্ষাবর্ষে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত শূন্য আসনের বাইরে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং অনিয়ম বা সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ডিআর

