বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, যারা মনে করছেন বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন, তারা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, যারা বোমা হামলা করছেন, তাদের অনেকে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা-ও মানুষ দেখছে।
সাংবাদিকদের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে সাংবাদিকতা। মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে এবং অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। একইভাবে সরকারের ভালো কাজের চিত্র যেমন তুলে ধরতে হবে, তেমনি সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি সেই সমালোচনা সরকারের বা তাঁর নিজের বিরুদ্ধে গেলেও কোনো সমস্যা নেই।
গত প্রায় ৯ মাসে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি এবং পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করেছে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক তথ্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন এবং সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।
ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী রাজনৈতিক মতভেদ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার এবং বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের আহ্বান জানান।
এদিকে, অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “যে সময় নাহিদ এবং আসিফরা ডিবি কার্যালয়ে মার খাচ্ছিল, হাসনাত এবং সারজিস সেখানে জুস খাচ্ছিল? আমার কাছে সব কিছুর প্রমাণ আছে, রেকর্ড আছে। যারা সেখানে ছিল, আমি সবার সঙ্গে কথা বলেছি। গণঅভ্যুত্থান নিয়ে আমি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি এবং সেখানে সমস্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করে আমি এই ফাইন্ডিংস পেয়েছি। আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন, নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন যে পুকুরপাড়ে বসে হাসনাত এবং সারজিস জুস খাইত কি না?”
নাহিদ ইসলামের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে রাশেদ খাঁন আরও বলেন, “আপনারা শেখ মুজিবুর রহমানকে দোষী করেন যে একাত্তরের সঠিক ইতিহাস বিকৃত করা হয়েছে। কেন চব্বিশের গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস নাহিদ ইসলাম জাতির সামনে হাজির করছে না? কারণ নাহিদ ইসলাম সঠিক ইতিহাস হাজির করলে গণঅভ্যুত্থানের ইতিহাস যদি রচনা করে, সেক্ষেত্রে গণঅভ্যুত্থানের মীরজাফর হলো হাসনাত এবং সারজিস।”
ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক খাইরুল আলম বকুল। এ সময় ফোরামের সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন, সিনিয়র সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দপ্তর সম্পাদক রুবেল পারভেজ উপস্থিত ছিলেন।
ডিআর

