দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে লঘুচাপটি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
তিনি বলেন, ‘এটা নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।’
লঘুচাপটির সম্ভাব্য গতিপথ সম্পর্কে তিনি বলেন, ‘নিম্নচাপ তৈরি হলে বোঝা যাবে যে এটা কোন দিকে যাবে। এখন পর্যন্ত যেটা দেখা যায়, ভারতের অন্ধ্র-উড়িষ্যার দিকেই আছে এর ট্র্যাকটা। তবে এটা ডিপ্রেশন (নিম্নচাপ) হলে তারপরে স্পষ্ট হবে।’
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বিএইচ

