রাজধানীর উত্তরায় দীর্ঘদিন ধরে ক্যামেরা হাতে অলিগলি, দোকানপাট ও মানুষের বসতবাড়িতে ঢুকে ভিডিও ধারণকারী একদল চীনা নাগরিককে আর এলাকায় দেখা যাচ্ছে না। গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও জিজ্ঞাসাবাদের পর গত ৭ নভেম্বর থেকে তাদের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, দেড় শতাধিক চীনা তরুণ-তরুণী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়াসহ আশপাশের এলাকার সড়ক, বাড়িঘর ও অলিগলির দৃশ্য ধারণ করতেন। কখনো কখনো অনুমতি ছাড়াই মানুষের বাসাবাড়ির ভেতরে ঢুকে পড়তেন তারা। তাঁদের ভিডিও ধারণের ধরন দেখে মনে হতো, যেন কোনো সংবাদকর্মী ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার করে পরিস্থিতি তুলে ধরছেন। তবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওই এলাকাগুলো ঘুরে কোথাও কোনো চীনা নাগরিককে ভিডিও ধারণ করতে দেখা যায়নি। স্থানীয়রাও জানিয়েছেন, গত কয়েক দিন ধরে এলাকায় তাদের কোনো আনাগোনা নেই।
মাসের পর মাস ধরে চলা এই রহস্যজনক কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। উত্তরা পশ্চিম থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই বিদেশি নাগরিকদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ শুরু করেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। বিদেশি নাগরিকদের চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি তাঁদের পাসপোর্ট ও ভিসা যাচাই করা হয়েছে। পর্যটক ভিসায় বাংলাদেশে এসে তাঁরা কেন এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ভ্রমণের মেয়াদ শেষ হলে তাঁদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতার ফলেই চীনা নাগরিকদের এ ধরনের কর্মকাণ্ড কমে এসেছে বলে জানান ওসি।
এদিকে, ঢাকার বিভিন্ন বস্তি ও অলিগলির ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের গুরুতর অভিযোগও সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা নাগরিকেরা ঢাকার বস্তি এলাকার ভিডিও ধারণ করে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সময় সেগুলোকে নয়াদিল্লির বিভিন্ন স্থান হিসেবে উপস্থাপন করছিলেন।
বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসার পর গত মঙ্গলবার দেশটির সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এ ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক। ঢাকাকে দিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশি ব্যক্তিদের অর্থের বিনিময়ে ব্যবহার করার যে প্রচেষ্টা চলছে, তাতে মিথ্যা বয়ান প্রচারকারীদের পাশাপাশি এর পেছনে যারা রয়েছে, তাদের বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ন হচ্ছে।”
ডিআর

