তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় প্রতিটি পোশাক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কেনার সুযোগ পাচ্ছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী অঙ্গীকারের ধারাবাহিকতায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি শুক্রবার এই কর্মসূচি অব্যাহত থাকবে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলগুলোর ৬৬টি ট্রাকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অঞ্চলভিত্তিক বরাদ্দ অনুযায়ী—ঢাকা মহানগরীতে ৬টি ট্রাকসেলে ৩০ মেট্রিক টন, সাভার শিল্পাঞ্চলে ৮টি ট্রাকে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে ২টি ট্রাকসেলে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকসেলে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেলে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকসেলে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি শুক্রবার দুই দফায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুদ সাপেক্ষে) চাল বিক্রি করা হচ্ছে।
প্রকৃত শ্রমিকরাই যেন এর সুফল পান, তা নিশ্চিত করতে কিছু কড়াকড়ি নিয়ম রাখা হয়েছে। সুবিধাভোগী শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন এবং কারখানার মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করতে হচ্ছে।
খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
বিশেষ ওএমএস কর্মসূচির প্রথম দিনেই নির্ধারিত কেন্দ্রগুলোতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এই পদক্ষেপ পোশাকশ্রমিকদের দৈনন্দিন খাদ্য ব্যয় কমানোর পাশাপাশি তাঁদের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিআর

