মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্রমিক বিরোধী সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা প্রশাসন যন্ত্র ব্যবহার করে টিকে আছে৷ দেশে শুধু একটি গোষ্ঠীর উন্নয়ন হয়েছে৷ শ্রমিকদের স্বার্থে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷ এই লড়াই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই। সোমবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিকেলে বিএনপির শ্রমিক দলের সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে বিকেলে তারা কাকরাইল শান্তিনগরসহ আশপাশের সড়কে ট্রাক পিকাপে করে র্যালি করে।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যারা এই কথা বলে আমরা ধিক্কার জানাই। চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তিনি বলেন, আজকে শ্রমজীবী মানুষ সবচেয়ে কষ্টে আছেন। শ্রমজীবীরা সবচেয়ে বেশি আয় করে৷ অথচ তাদের সঙ্গেই প্রতারণা করা হচ্ছে।
ফখরুল অভিযোগ করেন, গ্যাস পানি পাওয়া যায় না। ঢাকার বাইরে বিদ্যুৎ পাওয়া যায় না। তিনি বলেন, এই লড়াইয়ের মধ্যে সিদ্ধান্ত হবে দেশ স্বাধীন হবে কি না। এবারের লড়াই স্বাধীনতার লড়াই।
খুলনার শ্রমিক দলের র্যালিতে হামলা চালনোর অভিযোগ তোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, শ্রমজীবী মানুষের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই। এই সরকারকে বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। প্রত্যেকটি সফল আন্দোলনে শ্রমজীবী মানুষের ভূমিকা ছিল। এবারও সেই আশা ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, মে দিবসের অঙ্গিকার রুখতে হবে স্বৈরাচার। বাঁচার মতো মজুরি চাই। বৈষম্যহীন নিরাপদ কর্মসংস্থান চাই। স্থায়ী পদে শ্রমিকদের নিয়োগ দিতে হবে। জাতীয় পে স্কেল ২৫ হাজার টাকা করতে হবে।
সোমবার দুপুর আড়াইটায় শ্রমিক সমাবেশ শুরুর কথা থাকলেও ঘন্টা দেড়েক আগে থেকেই নেতাকর্মী ও সমর্থকরা নয়াপল্টন এলাকায় জড়ো হন। সবার হাতে লাল পতাকা ও লাল রঙের প্ল্যাকার্ড ফেস্টুন শোভা পায়৷ ঢাকা দুই মহানগর ছাড়াও গাজীপুর, কেরানিগঞ্জ, সাভার, আশুলিয়া নারায়নগঞ্জ থেকে অসংখ্য নেতাকর্মীরা পিকাপ কাভার্ড ভ্যানে করে নয়াপল্টনে জমায়েত হন। এখনও খণ্ড খণ্ড মিছিল আসে নয়াপল্টনে।
চারটি পিকআপ ভ্যানে বানানো অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন দলের নেতারা৷ এতে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।
