হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরবেন। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বুধবার সন্ধ্যায় বাসায় ফেরার কথা থাকলেও খালেদা জিয়া এতে সায় দেননি বলে জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য।
তিনি সময়ের আলোকে বলেন, খালেদা জিয়া ভালো আছেন এটা বলা যাবে না। তার মাল্টিপল এডভান্স ডিজিজ সেন্টারে চিকিৎসা জরুরি। এখন মাঝেমধ্যে ব্রিডিং হচ্ছে। মস্তিষ্কে একটি টিউব লাগানো প্রয়োজন। যা দেশে সম্ভব নয়।
এই চিকিৎসক জানান, খালেদা জিয়ার এন্ডোসকপির রেজাল্ট সন্তোষজনক আসেনি। রেজাল্ট অনুযায়ী সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওষুধের পরিবর্তনসহ আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে যতটুকু করা সম্ভব তার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। অধ্যাপক সাহাবুদ্দিনের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড আগে থেকে তার এই চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।
খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে তার চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, উনার কিছু শারীরিক অসুস্থতা, উনার হার্টের জটিলতা, উনার লিভারের জটিলতা, উনার কিডনির জটিলতা –এগুলো ছিলো, আছে।
জাহিদ জানান, অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা হচ্ছেন, অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিন, অধ্যাপক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক জিয়াউল হক এবং অধ্যাপক সাদেকুল ইসলাম। এছাড়া লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানসহ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বিএনপি চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডে রয়েছেন।
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে সার্বক্ষণিক দেখাশুনা করছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী শর্মিলা রহমান সিঁথি। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমান সবসময় খোঁজ রাখছেন বলে জানান অধ্যাপক জাহিদ। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন এভারকেয়ার হাসপাতালে যান।
৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানে ‘ফিরোজায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল। পরে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে গতকাল এভারকেয়ারে ভর্তি হন বিএনপি চেয়ারপার্সন। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শরীরে হঠাৎ জ্বর আসায় চিকিৎসকদের পরামর্শে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে তাকে ভর্তি করানো হয়।

