পাঁচ সিটি নির্বাচন নিয়ে স্বস্তিতে নেই আওয়ামী লীগ ও বিএনপি। দুই দলের নেতারাই কেন্দ্রের কথা উপেক্ষা করে নির্বাচন করার চেষ্টা করছেন। বিশেষ করে আওয়ামী লীগ তার মিত্রদের নিয়েও চাপে আছে। এক সময়ের মহাজোটের অংশীদার ও আওয়ামী লীগের মিত্র বলে পরিচিত জাতীয় পার্টি পাঁচ সিটিতে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এ ছাড়া অন্য মিত্ররাও স্বতন্ত্র হিসেবে এখন পর্যন্ত ভোটের মাঠে আছেন। বিএনপি আনুষ্ঠানিকভাবে না থাকলেও কয়েকটি জায়গায় পরোক্ষভাবে ভোটে আছে তারা। এ ছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী তো আছেনই। যদিও আওয়ামী লীগ বলছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায়।
বৃহস্পতিবার পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। তাদের প্রার্থীরা হলেন সিলেটে মোহাম্মদ নজরুল ইসলাম (বাবুল), রাজশাহীতে মোহাম্মদ সাইফুল ইসলাম (স্বপন), গাজীপুরে এমএম নিয়াজ উদ্দিন, বরিশালে ইকবাল হোসেন (তাপস) ও খুলনায় মোহাম্মদ শফিকুল ইসলাম (মধু)।
প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান জিএম কাদের বলেন, ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। এ জন্য নির্বাচন কমিশনকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সবচেয়ে আলোচিত গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন এখনও ভোটের মাঠে আছেন। এ ছাড়া আওয়ামী লীগের মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টি ছাড়া জাকের পার্টির রাজু আহম্মেদ ও গণফ্রন্ট থেকে আতিকুল ইসলাম মেয়র প্রার্থী হয়েছেন।
এ বিষয়ে নৌকার প্রার্থী আজমত উল্লাহ খান জানান, ভোটের মাঠে সবাই তার প্রতিদ্বন্দ্বী। কেউ হয়তো সাংগঠনিকভাবে কম শক্তিশালী।
সিলেটে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন ছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম। সেখানে সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহকে মেয়রপ্রার্থী ঘোষণা করেছে জমিয়ত। তিনি জমিয়তের খেজুর গাছ প্রতীক নিয়ে ২১ জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খুলনায় এ পর্যন্ত পাঁচজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছেন বর্তমান মেয়র আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেকের প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মাওলানা আবদুল আওয়াল, জাতীয় পার্টির সাবেক নেতা আবদুল গফফার বিশ্বাস ও এসএম শফিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তরুণ মেয়র প্রার্থী আগুয়ান-৭১-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. আবদুল্লাহ চৌধুরী। রাজশাহীতে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন ছাড়া তেমন কোনো প্রার্থীর আভাস পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। এদিক থেকে অনেকটাই নির্ভার নৌকার প্রার্থী এএইচ এম খায়রুজ্জামান লিটন।
অন্যদিকে বেশ আগেই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাইকে বৃহস্পতিবার মেয়রপ্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি সিটির মধ্যে গাজীপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনায় দলের নায়েবে আমির হাফেজ মাওলানা আবদুল আউয়াল, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহী মহানগর সহ-সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
গাজীপুরের মেয়র প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা আশাকরি সরকারের কোনোরকম হস্তক্ষেপ ছাড়া নির্বাচন কমিশন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে এসেছি। এ ক্ষেত্রে যদি নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দেয় তবে আন্দোলনের নতুন মাত্রা যোগ হবে। এই নির্বাচনই বলে দেবে জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন কতটুকু সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে।
মিত্ররা কি ভোগাচ্ছে আওয়ামী লীগকে? জবাবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম সময়ের আলোকে বলেন, আমরা চাই পাঁচ সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। আর দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে যাচাই-বাছাই করেই। তাই এত দ্রুত কারা বিদ্রোহী প্রার্থী হবেন তা নিয়ে ভাববার সময় আসেনি। আর আওয়ামী লীগের যারা রাজনীতি করেন, তারা দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না। এরপরও কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর মিত্ররা মাঠে আছে বলে জমজমাট হচ্ছে পরিবেশ।
পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে। খুলনা ও বরিশালে ভোট হবে আগামী ১২ জুন। আর রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন।

