মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইন সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী। শনিবার রাজধানীতে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিচারকদের প্রশিক্ষণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন শেষে জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতার ঘাটতি আছে কি নাÑপ্রশ্নের জবাবে সাংবাদিকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারই মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ নেতাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করেছে। তাই জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতা নেই, এ প্রশ্ন করাও আমাদের জন্য দুঃখের। জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনমন্ত্রী আরেক প্রশ্নের জবাবে বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল নিয়ে মামলা আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। তাই বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনো কথা বলব না।
বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, জুডিশিয়াল ডিসিশন মেনে চলে মামলাজট নিরসনে ভূমিকা পালন করতে হবে।
আনিসুল হক বলেন, বিচার বিভাগের জন্য অন্য যেকোনো সরকারের চেয়ে এ সরকারের আমলে সবচেয়ে বেশি বাজেট বাড়ানো হয়েছে। বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এখন আপনাদের দায়িত্ব মানুষ যেন দ্রুত বিচার পায় সেটা নিশ্চিত করা।
বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব মো. গোলাম সারওয়ারও বক্তব্য রাখেন।
