Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২-দলীয় জোট মনোনীত কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, “যারা কেন্দ্র দখল ও ভোট চুরির নীল নকশা করছে, তাদের অপকর্ম সফল হতে দেওয়া হবে না। চব্বিশের চেতনাকে ধারণ করে ভোট চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনতাকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।”

শনিবার (১০ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, “ইতোমধ্যে ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু হয়েছে। দুর্নীতি ও লুটপাটের দায়ে যারা জেল খেটেছে, তারাই এখন কেন্দ্র দখল করে আবারও ক্ষমতায় গিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করতে চায়। দেবিদ্বারের মানুষ অতীতে যারা খাম্বা চুরি, মিটার চুরি ও ট্রান্সমিটার চুরির সঙ্গে জড়িত ছিল তাদের আর ভোট দেবে না। জনগণ এখন সচেতন, তারা আর কোনো দুর্নীতিবাজের ফাঁদে পা দেবে না।”

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “কেউ যদি আমার বিপক্ষেও ভোট দেয়, সেই ভোটার যেন নিরাপদে কেন্দ্রে গিয়ে নিজের অধিকার প্রয়োগ করতে পারে—আমি সেটি নিশ্চিত করব। ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়ার মধ্যে কোনো সম্মান নেই।”

তিনি আরও বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থান হয়েছে একটি ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তরুণ সমাজ রক্ত দিয়েছে ফ্যাসিবাদ ও লুটপাটের অবসান ঘটাতে। অথচ অপশক্তি আবারও ভোট লুটের মাধ্যমে সেই ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়। আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা ও জুলাই সনদের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করব।”

পদযাত্রা থেকে হাসনাত আবদুল্লাহ আগামী নির্বাচনে ‘জুলাই সনদের’ পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পদযাত্রায় এনসিপি এবং জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভায় বক্তারা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

মানবকণ্ঠ/ডিআর