ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার স্থানান্তর নিয়ে বিএনপি আশঙ্কা প্রকাশ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত এক থেকে দেড় বছরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তরিত হয়েছেন। বিশেষ কিছু এলাকায় নতুন ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি বৈঠকে এই বিষয়ে আপত্তি তুলেছে। তবে ইসি জানিয়েছে, কোনো আসনে দু–তিন হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি। বিএনপি এ তথ্যে সন্তুষ্ট হয়নি এবং বিস্তারিত আসনভিত্তিক তথ্য জানতে চেয়েছে।
নজরুল ইসলাম খান আরও অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা যথাযথভাবে প্রতিকার পাচ্ছে না। তিনি বলেন, “কেউ কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করতে গিয়ে ধর্মীয় আবেগ ও বিশ্বাসকে আঘাত করছেন। কিন্তু ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
বিএনপি নেতার মতে, কিছু এলাকায় শান্তি–শৃঙ্খলা রক্ষার নামে শান্তি কমিটি গঠন হচ্ছে, যা তাদের কাছে অপ্রিয় শব্দ। তিনি বলেন, “যদিও আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে, এ বিষয়ে তাদের কোনও তথ্য নেই।”
তিনি আরও জানান, এবার দেশের ৮১টি সংস্থা থেকে ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান পরিচিত নয়। বিএনপি জানতে চায়, অনুমোদন প্রক্রিয়া গভীরভাবে বিবেচনা করে হয়েছে কি না।
মানবকণ্ঠ/আরআই




Comments