আমি কোনো দলের নয়, সাধারণ মানুষের এমপি হতে চাই: রুমিন ফারাহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে নির্বাচিত হলে কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, বরং সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারাহানা। তিনি বলেন, “সকল দল-মতের মানুষ ও সকল ধর্মের মানুষ আমার কাছে সমান এবং নিরাপদ থাকবে।”
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়াপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নিজের নির্বাচনি পরিকল্পনা তুলে ধরে রুমিন ফারাহানা বলেন, “আইন অনুযায়ী সরকারি প্রতিটি বরাদ্দ ও নাগরিক সুবিধা আমি সকলের জন্য সমানভাবে বণ্টন করব। এমপি নির্বাচিত হলে আমার কোনো ‘খাওয়া পার্টি’ থাকবে না। বরাদ্দের বড় অংশ এমপির পকেটে আর বাকিটা চেলাচামুন্ডাদের পকেটে যাওয়ার যে সংস্কৃতি দেশে চালু আছে, আমার ক্ষেত্রে তা কোনোভাবেই চলবে না।”
জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিয়ে এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সচরাচর দেখা যায় মন্ত্রী ও এমপিদের চিকিৎসা হয় সিঙ্গাপুর বা ব্যাংককে। কিন্তু আমি এমপি হলে আমার চিকিৎসা বিদেশের কোনো হাসপাতালে নয়, এলাকার সরকারি হাসপাতালেই হবে। আমি যদি নিজে সরকারি হাসপাতালে চিকিৎসা নিই, তবে সেখানে ডাক্তারও থাকবে আর যন্ত্রপাতিও ঠিকঠাক কাজ করবে। ফলে সাধারণ মানুষও উন্নত সেবা পাবে।”
রাজনৈতিক অধিকার প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারাহানা বলেন, “যেকোনো দলের রাজনীতি করা নাগরিকের মৌলিক অধিকার। কোনো বিশেষ দলের সাথে যুক্ত থাকার কারণে কাউকে জুলুম বা নির্যাতনের শিকার হতে দেওয়া হবে না। কারো নামে কোনো মিথ্যা মামলা দেওয়া হবে না। এমনকি যদি কোনো নিরাপরাধ ব্যক্তি কারাগারে থাকেন এবং তার পরিবার যোগাযোগ করে, তবে তার আইনি সহায়তার দায়িত্ব আমি নিজে নেব।”
নির্বাচন ঘিরে সরাইল ও আশুগঞ্জ এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments