বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার খুলনা বিভাগ সফরে যাবেন। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, উত্তরাঞ্চল সফর শেষে আগামীকাল সোমবার দেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুইটি শহরে নির্বাচনী প্রচারাভিযানে যাবেন তারেক রহমান।
শায়রুল কবির খান জানান, সফরসূচি অনুযায়ী- আগামীকাল সোমবার সকাল ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনা রওনা হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে হাজি মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে দুপুর ১২টায় সমাবেশে যোগ দেবেন।
এরপর দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরে রওনা হবেন। দুপুর ১টা ৪০ মিনিটে নতুন উপ-শহর বিরামপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে তিনি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেট আলীয়া মাদ্রাসা থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেন।
এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করার পর উত্তরাঞ্চল সফর শুরু করেন ২৯ জানুয়ারি থেকে। তিন দিনের এই সফরে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে, সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনী সমাবেশ শেষে গতকাল শনিবার ঢাকায় ফেরেন।
২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৯টি সমাবেশ করেছেন তারেক রহমান।




Comments