পটুয়াখালী-৩ আসনে
নুর ও হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গণঅধিকার পরিষদের একটি মিছিল এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ‘ঘোড়া’ প্রতীকের একটি মিছিল ওই এলাকায় মুখোমুখি হয়। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও পাল্টা স্লোগান দেওয়া শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রাত ১১টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন—মারুফ গাজী (২৪), জায়েদ ইবনে সায়াদ (২২) ও ওয়াজিদ (২৪)। তারা সবাই ঘোড়া প্রতীকের সমর্থক বলে জানা গেছে।
আহতরা অভিযোগ করে বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমাদের পথরোধ করে। পরে হঠাৎ করে মোটরসাইকেল যোগে একদল লোক এসে আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়।"
অন্যদিকে, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু নাঈম বলেন, "দুই প্রার্থীর মিছিল মুখোমুখি হলে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। আমাদেরও অন্তত তিনজন নেতাকর্মী আহত হয়েছেন।"
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments