পটুয়াখালী-৩
নুরের বিরুদ্ধে দশমিনা বিএনপি নেতাদের অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট ও সমঝোতার প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দশমিনা উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির একাংশের নেতারা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে দশমিনা উপজেলা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নুরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার। তিনি অভিযোগ করেন, "নুরুল হক নুর সমঝোতার প্রার্থী হওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন। তিনি অবৈধ কালো টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করছেন এবং সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন।"
লিখিত বক্তব্যে আরও বলা হয়, নুর নির্বাচনি ব্যানার ও ফেস্টুনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করছেন, যা আচরণবিধির লঙ্ঘন। এছাড়া রঙিন বিলবোর্ড স্থাপন এবং নুরের স্ত্রী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হওয়া সত্ত্বেও স্বামীর ‘ট্রাক’ মার্কার প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
তারা আরও দাবি করেন, নুরের সন্ত্রাসী বাহিনী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনি অফিস ভাঙচুর ও কর্মীদের আহত করেছে।
অভিযোগের বিষয়ে নুরুল হক নুর বলেন, "জোটের প্রার্থী হিসেবে আমি তারেক রহমানের ছবি ব্যবহার করতেই পারি, কিন্তু তারা (বিদ্রোহীরা) পারেন না। যারা সংবাদ সম্মেলন করেছেন তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন। হাসান মামুন নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য এসব করাচ্ছেন। তিনি যদি ভালো মানুষ হতেন, তবে দলীয় সিদ্ধান্ত মেনে নিতেন।" রঙিন বিলবোর্ডের বিষয়ে নুর দাবি করেন, তিনি নিয়ম মেনেই সবকিছু করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, মোফাজ্জেল হোসেন, ফকরুজ্জামান বাদল, রুহুল আমিন মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, এই আসনে বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক কেন্দ্রীয় নেতা হাসান মামুন ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং স্থানীয় বিএনপির এই অংশটি তাকে সমর্থন দিচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments