পরিবর্তনের লক্ষ্যে ঝুঁকি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, “আমরা কোনো ক্ষমতার লোভে নয়, বরং ঘুণে ধরা সমাজ ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই পথে আমরা একা নই; আমাদের সঙ্গে মহান আল্লাহ আছেন এবং দেশের দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনতা রয়েছে।”
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল চারটায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজু’র সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
পীর সাহেব চরমোনাই বলেন, “স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন এক জিনিস নয়। জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হন, তারা আইন প্রণয়ন করেন। তাই জাতীয় নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত গুণের চেয়ে দলের আদর্শ দেখা বেশি জরুরি। গত ৫৪ বছর ধরে এ দেশ নির্দিষ্ট কিছু দলের আদর্শে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি আসেনি। জামায়াতসহ ১১ দলীয় জোট এখন প্রচলিত আইনেই চলার কথা বলছে। কিন্তু আমরা মনে করি, একমাত্র ইসলামি আদর্শ ছাড়া দেশে প্রকৃত শান্তি সম্ভব নয়।”
জনসভায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের প্রার্থী নজরুল ইসলাম নজু’র হাতে একটি প্রতীকী ‘হাতপাখা’ তুলে দিয়ে পীর সাহেব তাকে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শান্তির প্রতীক হাতপাখায় ভোট দিয়ে এই জনপদে ইনসাফ কায়েম করতে হবে।
নবীনগর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জিয়াউল হক সরকার, হাবিবুর রহমান মিজবাহ, আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা মেহেদি হাসান ও আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৮ জন প্রার্থী লড়াই করছেন। তবে নির্বাচনি মাঠে ধানের শীষ প্রতীকের অ্যাডভোকেট আব্দুল মান্নান (বিএনপি), ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, রিকশা প্রতীকের মুফতি আমজাদ হোসাইন আশরাফী (১১ দলীয় জোট) এবং হাতপাখা প্রতীকের নজরুল ইসলাম নজু’র (ইসলামী আন্দোলন) মধ্যে চতুষ্মুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments