বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি সবসময় গণমানুষের রাজনীতি করে আসছে। তিনি বলেন, “বিএনপি মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নিয়ে ইউনিয়ন থেকে জাতীয় সংসদ পর্যন্ত পথ অতিক্রম করেছে।”
ধানের শীষকে রহমতের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, “লাঙল দিয়ে জমি চাষ করা যায়, দাঁড়িপাল্লা দিয়ে মাপা যায়-মানুষ চাইলে এসব প্রতীক বানাতে পারে। কিন্তু একটি ধানের শীষ মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। আল্লাহর ইচ্ছা ছাড়া একটি ধানও জন্মায় না। তাই ধানের শীষ আল্লাহর রহমতের প্রতীক।”
সোমবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বরিশাল-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড. জয়নুল আবেদীনের নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় নিজের সংসদ সদস্য থাকার সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, এরপর আর উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। জনগণ সুযোগ দিলে আবারও উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারবেন ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীন।
তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী আন্দোলনের কারণে ৪৮৫টিরও বেশি মামলার আসামি হয়েছিলাম। প্রতিটি মামলাই উচ্চ আদালতে পরিচালনা করেছেন জয়নুল আবেদীন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধেও যেসব মিথ্যা মামলা চলেছে, সেগুলোর আইনি লড়াইও তিনি নীরবে করে গেছেন দলের জন্য।”
ধর্মীয় সম্প্রীতি ও শিক্ষা বিস্তারে বিএনপির ভূমিকা তুলে ধরে আলাল বলেন, বাংলাদেশে মন্দিরভিত্তিক শিক্ষা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া এবং মসজিদভিত্তিক শিক্ষা চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মও গড়ে তোলে বিএনপি।
তিনি বলেন, “কথায় কথায় নারীর সম্মান রক্ষার কথা যারা বলেন, তারা এতদিন কোথায় ছিলেন? এখন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বলছেন, অথচ অনেকেই জানেন না এর আসল অর্থ কী।”
খালেদা জিয়ার দাফনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তাঁর জানাজার খাটিয়া দেশের শ্রেষ্ঠ চারজন আলেম বহন করেছিলেন। এতে কারও ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়নি, বরং ধর্মের মানই বেড়েছে।”
এসময় নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহম্মেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান প্রমুখ।
এর আগে মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড. জয়নুল আবেদীনের পক্ষে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।




Comments