বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়েছে—এমন দাবি করেছে জামায়াতে ইসলামী। এ ঘটনার প্রতিবাদ জানাতে এবং বিষয়টি নিয়ে আলোচনা করতে দলটির একটি প্রতিনিধি দল মঙ্গলবার বঙ্গভবনে যাবে।
জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে উপস্থিত হবে।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট প্রকাশিত হয়, যেখানে কর্মজীবী নারী ও নারী নেতৃত্ব বিষয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করা হয়। ওই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পোস্টে দাবি করা হয়, নারী নেতৃত্ব আল্লাহ অনুমোদন করেন না এবং জামায়াতে ইসলামীর কাঠামোতে নারীদের নেতৃত্বে আসার সুযোগ নেই। এতে আরও বলা হয়, আধুনিকতার নামে নারীদের ঘরের বাইরে আনার ফলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ছে। একই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য থাকায় সমালোচনা আরও তীব্র হয়।
এ ছাড়া পোস্টে সামাজিক মাধ্যমে অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি ও নারীদের পণ্যায়নকে উন্নয়নের লক্ষণ নয়, বরং নৈতিক অবক্ষয়ের নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়। পোস্টের শেষাংশে বলা হয়, অনৈতিকতা যতই আধুনিক বা ফ্যাশনেবল হোক না কেন, তার সঙ্গে আপস করা হবে না।
তবে জামায়াতের দাবি, এসব বক্তব্য দলীয় অবস্থান নয় এবং অ্যাকাউন্ট হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিবাদ জানাতেই বঙ্গভবনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments