Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও ১১–দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী মাদক সেবনের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি দলের কর্মীরা মাদক সেবন করছে। যদি বেশি খেতে ইচ্ছা করে, তাহলে বুড়িগঙ্গার পানি খান—কিন্তু মাদক সেবন করবেন না।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

পাটওয়ারী বলেন, “এখানে একজন মাদক সম্রাট রয়েছেন। আমরা তাকে আহ্বান জানাবো—কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দেবেন না। কারণ যে কর্মী মাদক সেবন করে, সে একসময় নিজের নেতার বিরুদ্ধেই আঘাত হানবে। তাই কর্মীদের মাদক থেকে দূরে রাখুন।”

অনলাইনে গেমস ও সামাজিক প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, মাঠে নামতে না পারা অনেক মানুষ ঘরে বসেই গেমসসহ বিভিন্ন মাধ্যমে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। তার ভাষায়, “লড়াই শুরু হলে সব জায়গাতেই শুরু হয়।”

নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের ব্যানার ও পোস্টার রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ২০টি বিলবোর্ড লাগানোর অনুমতি থাকলেও একজন প্রার্থী শত শত বিলবোর্ড টানিয়েছেন। এ অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, “আমরা জনগণের কাছ থেকে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে পাওয়া অর্থে সীমিত পরিসরে পোস্টার ও ব্যানার লাগিয়েছি। সেগুলোও রাতের আঁধারে তুলে নেওয়া হচ্ছে।” একই সঙ্গে নির্বাচন কমিশন, প্রশাসন ও একটি রাজনৈতিক দলের মধ্যে যোগসাজশের অভিযোগও করেন তিনি।

নারীদের ওপর হামলার অভিযোগ তুলে এনসিপি নেতা বলেন, “এ ধরনের আক্রমণ আমরা সহ্য করবো না। আমরা অনেক ধৈর্য ধরছি।” আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র দখলের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি ঢাকা-৮সহ সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং নির্বাচন সুষ্ঠু করার দাবি জানান।

মানবকণ্ঠ/আরআই