Image description

পটুয়াখালীতে একটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে এই বিশাল চালানটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৫টার দিকে পটুয়াখালী সদর টোল প্লাজা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে প্রায় ৫৫ লাখ পিস অবৈধ চিংড়ি রেণু উদ্ধার করা হয়। জব্দকৃত এসব রেণুর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা।

অভিযান শেষে ট্রাকের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণুগুলো পটুয়াখালী উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় লাউকাঠি নদীতে অবমুক্ত করা হয়েছে।

কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধভাবে রেণু আহরণ ও পরিবহন বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর