Image description

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আইন ও ন্যায়ের প্রশ্নে আমি নিজের আত্মীয়কেও ছাড় দেব না। আমার বাবা অপরাধ করলেও ছাড় পাবে না। সর্বসাধারণের জন্য যে আইন, আমার বাবার ক্ষেত্রেও সেই আইন প্রযোজ্য হবে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ হাইস্কুল মাঠে ২টি ইউনিয়নের সম্মিলিত শাপলা কলি প্রতীকের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন,  জনগণের অর্থ ও সমর্থনে রাজনীতি করব, কোনো অনৈতিক সুবিধা বা তদবির গ্রহণ করব না। মানুষ আমাকে সহযোগিতা করছেন রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য। কেউ যদি মনে করেন অর্থ দিয়ে পরে কোনো সুবিধা নেবেন, তা ভুল ভাবছেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে সুবিধাবাদী একটি গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। এক ভাই এক দলে, আরেক ভাই অন্য দলে, যে দল ক্ষমতায় আসে, সুবিধা নেয় তারাই। এই সংস্কৃতি আর চলবে না।

তিনি বলেন, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।  যারা ভুল পথে আছেন, তারা সঠিক পথে ফিরলে আমরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। কিন্তু অবৈধ কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উন্নয়ন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, রাস্তাঘাট সংস্কারসহ অন্যান্য কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। কে কোন দলের, সেটা বিবেচ্য নয়; যে রাস্তা জনগণের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটাই আগে হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের আগের দিন টাকার প্রলোভন এলে তা প্রত্যাখ্যান করুন। ঘুসের বিরুদ্ধে অবস্থান নিলে ভোটের ক্ষেত্রেও একই নীতি মানতে হবে।